শরণার্থী ইস্যুতে বিশ্বনেতাদের সক্রিয় হওয়ার আহ্বান

বিশ্বজুড়ে ছয় কোটির বেশি মানুষ ছিন্নমূল অবস্থায় আছে উল্লেখ করে শরণার্থী ইস্যুতে সক্রিয় হওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ গ্রান্ডি। বিশ্ব শরণার্থী দিবস-২০১৬ উপলক্ষে আজ সোমবার তিনি এ কথা বলেন।
যেসব পরিবার যুদ্ধ কিংবা নির্যাতন থেকে বাঁচতে পালাতে বাধ্য হয়েছে, সেসব পরিবারের সাহস ও সহ্যক্ষমতার ওপর আলো ফেলতে ইউএনএইচসিআর প্রতিবছরের ২০ জুনকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করে আসছে।
ফিলিপ গ্রান্ডি বলেন, ‘সমস্যা মোকাবিলায় অংশীদারত্বের বদলে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত বন্ধ করা, রাজনৈতিক সদিচ্ছার বদলে রাজনৈতিক জড়তা। এ অবস্থার খেসারত টানতে হচ্ছে আমাদের মতো মানবহিতৈষী সংগঠনকে, পাশাপাশি সীমিত তহবিল নিয়ে চালাতে হচ্ছে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম। তবুও আশা করার কারণ আছে। গণমাধ্যমে লাগাতারভাবে প্রচারিত হওয়া বিষাক্ত বয়ান সত্ত্বেও আমরা মানুষের মধ্যে মহানুভবতার বন্যা দেখতে পাই। আর সেটা করে শরণার্থী গ্রহীতা সমাজ, ব্যক্তি ও পরিবার। এসব সাধারণ মানুষ শরণার্থীদের ভিক্ষুক, চাকরির বাজারের প্রতিযোগী অথবা সন্ত্রাসী ভাবেন না—বরং ভাবেন আমার- আপনার মতো মানুষ, যুদ্ধ এসে যাদের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। তাদের সংহতি জানানোর অতিসাধারণ এ ঘটনা পৃথিবীজুড়েই ঘটে চলেছে, প্রতি দিন।’
ফিলিপ গ্রান্ডি বলেন, ‘অপ্রয়োজনে এত মানুষের প্রাণহানি ঘটেছে যে বিশ্বনেতারা আর নিষ্ক্রিয়ভাবে চেয়ে চেয়ে দেখতে পারেন না। শরণার্থীদের সাহায্য করার পথের সন্ধানে আমাদের অবশ্যই চৌকস হতে হবে। আমাদের এমন মানবিক ও মর্যাদাময় উপায় বের করতে হবে, যাতে করে শরণার্থীদের প্রাণের ঝুঁকি নিতে না হয়। যেন নিরাপত্তার খোঁজে তাদের নির্দয় পাচারকারী কিংবা ঠুনকো নৌকার আশ্রয় নিতে না নয়।’