শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে শরণার্থীবিষয়ক সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতিসংঘে শরণার্থীবিষয়ক সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের শরণার্থী সমস্যা সমাধানের উপায় বের করতে দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যে এ বিষয়ে অং সান সু চিকে কিছু আভাসও দিয়েছি।’
গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অছি পরিষদে ‘লিডারশিপ সামিট অন রিফিউজিস’-এ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এর আয়োজন করেন।
শেখ হাসিনা অন্য আন্তর্জাতিক অংশীদারদের শরণার্থী বিষয়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গত তিন দশকে মিয়ানমার থেকে আসা বিপুলসংখ্যক শরণার্থী ও উদ্বাস্তুকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা ওই মানুষদের দায়িত্ব বহন করে চলেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের স্থানীয় জনগণ তাদের আশ্রয় প্রদান ও সহযোগিতার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছে। যদিও এতে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
নারীর কর্মক্ষেত্র প্রসারিত করার আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সুযোগ সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রকে প্রসারিত রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ‘ওমেনস লিডারশিপ অ্যান্ড জেন্ডার পার্সপেক্টিভ অন প্রিভেন্টিং অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্স এক্সট্রিমিজম’ শীর্ষক এক পার্শ্ব বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গের আমন্ত্রণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা সভ্য সমাজকে লাঞ্ছিত করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং মানুষের প্রতি মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমাদের মায়েদের এক একজনকে তাঁদের সন্তানদের জন্য রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপনের জন্য উৎসাহিত করে থাকি। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের ৬০ শতাংশ নারী শিক্ষক। তাঁরা এই সমাজে বিশেষ করে শিশুতোষ সমাজে মূল্যবোধ এবং সংযমের আলো ছড়াচ্ছেন।’

বাংলাদেশের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করে বলেছেন, দেশটির দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়ন তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সব সময় প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্যগাথা তুলে ধরে থাকি।’

প্রধানমন্ত্রী পুরস্কার: নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করার কথা ছিল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম বলেন, জাতিসংঘ সদর দপ্তরের ইউএন প্লাজায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতিসংঘ উইমেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।