রাখাইনে সহিংসতা চলতে থাকায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল থামছে না। এই অবস্থা চলতে থাকলে বছর শেষে বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা আসতে পারে বলে মনে করছে জাতিসংঘের দুটি সংস্থা।
কক্সবাজার ঘুরে এসে বাংলাদেশে রোহিঙ্গাদের আসার সংখ্যা নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালনা ও জরুরি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ ও জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী হাইকমিশনার জর্জ ওকোথ ওব্বো গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করেন।
শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়ে আবদিকার মোহামুদ বলেন, ‘আমরা দেখছি প্রায়
৪ লাখ লোক এর মধ্যেই এসেছে। এই সংখ্যা বাড়তে থাকায় আমরা সত্যি উদ্বিগ্ন। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক আসছে। দুই সপ্তাহ আগে আমরা ৭০–৮০ হাজার লোকের কথা বলেছিলাম। কাল আমরা বলেছি ৩ লাখ ৭৯ হাজার। আজ বলছি ১০ হাজার বা তার বেশি।’ তিনি প্রশ্ন তোলেন, ‘তবে কি আমরা আশা করছি আরও বিপুল সংখ্যায় লোকজন আসবে? সংখ্যাটি কি ৬ লাখ, ৭ লাখ নাকি ১০ লাখ?