শরণার্থীদের ঠাঁই দেওয়ার ঐতিহ্য সমুন্নত রাখবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রতিবেশী দেশ হিসেবে সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা রয়েছে। শরণার্থীদের ঠাঁই দেওয়ার অতীত ঐতিহ্য সমুন্নত রেখে বাংলাদেশ মিয়ানমারের দাঙ্গাকবলিত রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের স্বাগত জানাবে। মিয়ানমার ও বাংলাদেশ সফরকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিমত ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে তাঁরা এ সফর করছেন।ঢাকার আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গার অবসান হলেও সেখানে অত্যাচার-নির্যাতন থামেনি। প্রাণের ভয়ে সেখানকার মানুষের ঘরবাড়ি ছেড়ে পালানো অব্যাহত রয়েছে। এই অবস্থায় উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা নিশ্চিত করাটা জরুরি।প্রতিনিধিদলের অন্যতম সদস্য মার্কিন সরকারের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি রাখাইন রাজ্যের মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যকার বিরোধের অবসান হওয়া উচিত। মিয়ানমারের দাঙ্গা উপদ্রুত এলাকা সফরের পর মার্কিন প্রতিনিধিদলটি ১১ সেপ্টেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে আসে। এদের মধ্যে দুজন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকা সফর করেন।উত্তেজনা প্রশমন ও নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে কি না, প্রশ্ন করা হলে কেলি ক্লিমেন্টস বলেন, ‘উত্তেজনা প্রশমনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখতে হবে। এ বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে।’ রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, আতিথেয়তার ব্যাপারে বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বাংলাদেশ অতীতের সেই ধারা অব্যাহত রাখবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে। সফররত প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জো ইয়ুন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আয়ার্স এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের।