শরণার্থীদের পাশে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে শরণার্থী একটি বড় সমস্যা। বহু মানুষ এখন এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সব দেশকে সমানভাবে এগিয়ে আসতে হবে। শরণার্থীদের পাশে দাঁড়াতে হবে।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘প্রতিবছর এই দিনটি আলাদাভাবে স্মরণ করি। এ দেশের মানুষ একাত্তরে এই শরণার্থীর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। সে সময় এ দেশের এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে গিয়ে অবস্থান করেছে। আরও দুই কোটি মানুষ দেশের ভেতরে থেকে নানাভাবে শরণার্থী হিসেবে সময় পার করেছে। একাত্তরকে যখন স্মরণ করব, তখন শরণার্থীদেরও স্মরণ করব। নানা দেশের মানুষ এখন এই ভয়ংকর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।’

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু ও অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস বলেন, ১৯৭১ সালে শরণার্থীশিবিরে গিয়েছেন তিনি। সেখানে কাজ করেছেন। সে সময়ের বহু ব্যক্তিগত স্মৃতি এখনো জ্বলজ্বল করছে। প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ শরণার্থী হয়ে ভারতে যাচ্ছিল। সেই শরণার্থী ক্যাম্পে হিন্দু-মুসলমান একত্রে পাশাপাশি থেকে একে অপরকে সাহায্য করেছে। এভাবে সেখানে একটি সহমর্মিতা তৈরি হয়েছিল। শরণার্থীদের সমস্যা সমাধানে সেই সহমর্মিতা এখন সারা বিশ্বে প্রয়োজন। সবাইকে শরণার্থীদের পাশে দাঁড়াতে হবে।

বাংলাদেশে জাতিসংঘ উদ্বাস্তু-বিষয়ক হাইকমিশনের সিনিয়র প্রোটেকশন অফিসার খালেদ ফানসা বলেন, শরণার্থী সমস্যা দিন দিন বেড়েই চলছে। এটা একটি দুর্যোগ। বহু মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে যাওয়ার পথে মারা যাচ্ছে। নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। শরণার্থীদের পাশে থাকতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে একাত্তরের শরণার্থীশিবিরে যাওয়ার ও সেখানে অবস্থান করার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন সত্যজিৎ রায় মজুমদার ও প্রীতিকণা দাস নূপুর। আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।