শরণার্থীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস মিলনায়তনে গতকাল বক্তব্য দেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ড l ছবি: প্রথম আলো
বিস মিলনায়তনে গতকাল বক্তব্য দেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ড l ছবি: প্রথম আলো

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যান রিচার্ড বলেছেন, মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এ জন্য যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারিত করতে চায়।
গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে অ্যান রিচার্ড এ কথা বলেন। বিস আয়োজিত বিশিষ্ট নাগরিক বক্তৃতামালার অংশ হিসেবে তিনি বক্তৃতা দেন।
বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। চার দিনের সফরে অ্যান রিচার্ড গতকাল ঢাকায় এসেছেন।
অ্যান রিচার্ড বলেন, মিয়ানমারের নাগরিকত্ববিষয়ক আইন অনুযায়ী সুনির্দিষ্ট কোনো নৃতাত্ত্বিক জাতি হিসেবে স্বীকৃতি না পাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠরাই উদ্বাস্তু থেকে গেছেন। উদ্বাস্তু থাকার কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাঁরা দেশে থেকেও বাস্তুচ্যুত হচ্ছেন। এটাই পাশের দেশে তাঁদের পালিয়ে যাওয়ার মূল কারণ। তাই সমস্যার সমাধানের জন্য তাঁদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তৃতা শেষে প্রশ্নোত্তর-পর্বে মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি বলেন, মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্র উচ্চকণ্ঠ রয়েছে। রাখাইন প্রদেশের পরিস্থিতি যে এড়িয়ে চলা সম্ভব নয় সে উপলব্ধিও এসেছে। তিনি সমস্যার সমাধানে সেখানকার চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও জীবিকার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
কয়েক দশক ধরে মিয়ানমারের হাজার হাজার বিপন্ন লোকজনকে আশ্রয় দেওয়ায় অ্যান রিচার্ড বাংলাদেশের প্রশংসা করেন। তিনি আশা করেন, মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের ব্যাপারে বাংলাদেশ জাতীয় কৌশলপত্র তৈরি করার মাধ্যমে তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, রোহিঙ্গাদের চলাচলের সব ধরনের স্বাধীনতা ও তাদের দেশে ফেরত পাঠানোর মাধ্যমে তাদের বিষয়টি সমাধানে যুক্তরাষ্ট্র যথেষ্ট সোচ্চার রয়েছে।