শরণার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে জিএএফডি সম্মেলনের সমাপ্তি
অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে শেষ হলো অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)। বাংলাদেশ বলছে, তারা সফলভাবে এই আয়োজন করেছে।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী সম্মেলনের সমাপনী ঘোষণা করেন। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে অভিবাসন ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে আলোচনা হলো। আমরা অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শুনেছি। সময় এখন সেগুলো কার্যকরের।’ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাঁরা এই সম্মেলনে এসেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা এসেছেন বলেই এই সম্মেলন এত রঙিন হয়েছে। এত সফল হয়েছে। সবাইকে ধন্যবাদ।
পররাষ্ট্রমন্ত্রী পরে মরক্কো ও জার্মানির হাতে পরের অধিবেশনের দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে পররাষ্ট্রসচিব ও এবারের সম্মেলনের চেয়ারম্যান মো. শহিদুল হক পুরো সম্মেলনের সারাংশ তুলে ধরেন। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন মরক্কোর অভিবাসনবিষয়ক মহাসচিব হাবিব নাদির, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাক্কুস এদেরের। জাতিসংঘের জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সমাপনী অধিবেশনের আগে গতকাল ভবিষ্যৎ ফোরাম, অংশীদারত্ব, দুর্যোগের সময় করণীয় এবং প্রবাসী আয় নিয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে বিকেলে বিআইসিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রসচিব শহিদুল হক। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার কিংবা জলবায়ু পরিবর্তনের মতো অভিবাসীদের রক্ষার আন্দোলনেও নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। সফলভাবে জিএফএডি আয়োজনের মধ্যে দিয়ে আমরা সে বার্তাই দিলাম বিশ্বকে।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘বিশ্বের ১৩০টি দেশ থেকে ৬০০ সরকারি প্রতিনিধি এবং নাগরিক সমাজের ২০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা থেকে অনেকেই এসেছেন, যাঁরা প্রথমবারের মতো বাংলাদেশে এলেন। এত বড় আয়োজন এর আগে বাংলাদেশে হয়নি। আমরা খুব সফলভাবে এই আয়োজন শেষ করেছি।’
পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘এবারের জিএফএডি সম্মেলনে অভিবাসন খরচ নিয়ে আলোচনা হয়েছে। সবাই একমত পোষণ করেছেন যে অভিবাসন খরচ কমাতে হবে। অতীতে দেখা যেত এসব বিষয় আলোচনার সময় বিতর্ক হয়। কিন্তু এবার সবাই একমত পোষণ করেছেন যে খরচ কমাতে হবে। সাংঘর্ষিক পরিস্থিতি কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে যারা উদ্বাস্তু হয়, তাদের অধিকার সংরক্ষণের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। অভিবাসীদের সুরক্ষার বিষয়ে সবাই একমত হয়েছেন।’
২০১৮ সালের মধ্যে অভিবাসী ও উদ্বাস্তুসংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশই এই চুক্তি করার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এবারের জিএফএমডি সম্মেলনে একটি কমপ্যাক্ট তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটিকে আইনি বাধ্যবাধকতায় আনা যায়, সেটিও আলোচনা হয়েছে। কোনো কারণে সেটি না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো কোনো কিছু করা যায় কি না, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্রসচিব বলেন, ‘এই অধিবেশনে সবাই একমত যে অভিবাসনকে নিরাপদ করতে হবে। সুশৃঙ্খল করতে হবে। অভিবাসন খাতে সুশাসন আনতে হবে। আর সেটি করতে হলে আন্তর্জাতিক একটি কাঠামো তৈরি করতে হবে। সব মিলিয়ে আমরা এই সম্মেলনকে বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে অভিহিত করতে চাই।’