শরতের বিদায়বেলায় গ্রীষ্মের গরম
বাংলা ঋতুচক্রের হিসাবে শরৎ যায় যায় করছে। আর দিন দশেকের মধ্যে হিম হিম হেমন্ত আসার কথা। শিশিরে ভর করে হাজির হবে কার্তিকের সকাল। এমনটাই তো এই বঙ্গীয় বদ্বীপের নিয়ম। কিন্তু এবার আশ্বিনের এই শেষ বেলায়ও যেন গ্রীষ্মের আভাস প্রকৃতিতে রয়ে গেছে। গতকাল বুধবার খোদ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল গ্রীষ্মের দুপুরের মতোই, ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ভোর থেকে আকাশে কিছুটা মেঘের আনাগোনা দেখা গেলেও সকাল হতেই রোদ এসে আকাশ দখল করে নেয়। সকাল গড়াতেই রোদের প্রখরতা বাড়তে থাকে। দুপুরের রোদের তাপ তো গ্রীষ্মের খরতাপকেও যেন হার মানিয়েছিল। সেই সঙ্গে বাতাসে থাকা ৭২ শতাংশ আর্দ্রতা গরমের কষ্ট ও অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছিল। ফলে হেমন্তের শিশিরভেজা সকালের অপেক্ষায় থাকা নগরবাসীর অনেককেই ঘামে ভিজতে দেখা গেছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে সাধারণত বাংলাদেশ ভূখণ্ড থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়া পঞ্চগড়-ঠাকুরগাঁও হয়ে যশোরে শীতের আভাস দেখা দিতে পারে। গতকাল তাড়াশে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুধু চলতি অক্টোবরে নয়, গত সেপ্টেম্বরটাও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত। সেপ্টেম্বরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ফলে আকাশে সূর্যের সময়কাল ছিল বেশি, তাই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ছিল গত মাসের বেশির ভাগ সময়জুড়ে।
গত জুলাই-আগস্ট-সেপ্টেম্বরজুড়ে গরমের আঁচ যে শুধু বাংলাদেশেই বেশি ছিল তা নয়। বিশ্ব আবহাওয়া সংস্থা ও যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক গবেষণা সংস্থা নাসা হিসাব করে দেখিয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে ধারাবাহিকভাবে বৈশ্বিক তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছুঁয়ে গেছে। ফলে বিশ্বজুড়ে গরমের অনুভূতি বেড়ে যাওয়ার এই প্রবণতা কমবেশি সাধারণ মানুষকে ভোগাচ্ছে।
চলতি সপ্তাহে নাসার সাবেক জলবায়ুবিষয়ক জ্যেষ্ঠ বিজ্ঞানী জেমস হানসেনসহ ১১ জন বিজ্ঞানী চলতি বছরের বৈশ্বিক তাপমাত্রার ধরন নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে আশঙ্কা করা হয়েছে, ২০১৬ সালে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ সর্বকালের রেকর্ড অতিক্রম করে যাবে। প্রাক্শিল্পায়ন যুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১ দশমিক ২৫ ডিগ্রি সেলসিয়াস।
প্যারিস চুক্তিতে বিশ্ব ঠিক করেছে চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেবে না, সেখানে ২০১৬ সালের মধ্যে তাপমাত্রা সোয়া ডিগ্রি বেড়ে যাওয়াকে আশঙ্কা ও উৎকণ্ঠার দৃষ্টিতে দেখছেন বিজ্ঞানীরা। অর্থাৎ প্যারিস চুক্তি বাস্তবায়ন করতে হলে চলতি শতাব্দীর আগামী বছরগুলোর মধ্যে বিশ্বের তাপমাত্রা পৌনে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে, সেই লক্ষ্যে বিশ্বকে কাজ করতে হবে। কার্বন নিঃসরণ কমানোর পরামর্শ দিয়েছে বিজ্ঞানীদের এই দল।
বৈশ্বিক আবহাওয়ায় কী বদল হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে? এসব নিয়ে আপাতত যাঁরা ভাবতে চান না, তাঁদের জন্য দেশের আবহাওয়া অধিদপ্তর তেমন সুসংবাদ দিচ্ছে না। চলতি মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর মৌসুমি বায়ু বিদায় নিতে পারে মাসের প্রথম সপ্তাহে।
তবে আবহাওয়াবিদ রুবাইয়াত হোসেন বলেন, মৌসুমি বায়ু এখনো দেশের বেশির ভাগ এলাকায় রয়েছে। মৌসুমি বায়ু বিদায় নিলে উত্তরাঞ্চল দিয়ে হিমেল হাওয়া দেশে প্রবেশ করে শীতের আমেজ তৈরি করতে পারে।