শরফুল আউয়াল আবারও রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সংগঠক সন্দেহে গ্রেপ্তার শরফুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করতে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৩ মে থেকে শরফুলকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, প্রথম দফার রিমান্ডে শরফুল পুলিশের কাছে মুখ খোলেননি। তাই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, হিযবুত তাহ্রীর বা আইএসের সঙ্গে শরফুলের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি একজন আইনজীবী। হয়রানি করতে পুলিশ বারবার তাঁকে রিমান্ডে নিচ্ছে। তাঁর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দিয়েছেন।
৮ মে রাতে নগরের কাপাসগোলা হাকিম আলী লেনের একটি বাসা থেকে শরফুলকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ। পরে তাঁর বাসা থেকে কিছু বই উদ্ধার করা হয়। পুলিশের দাবি, শরফুল হিযবুত তাহ্রীরের পাশাপাশি জঙ্গিসংগঠন আইএসের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে থানায় মামলা হয়েছে।