‘শরম থাকলে অনেক আগেই তিনি পদত্যাগ করতেন। দয়া করে পদত্যাগ করে জনগণকে রেহাই দিন।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘হলমার্ক কেলেঙ্কারি চাপা দিতে সংসদ আদালতকে সামনে নিয়ে এসেছে। এটি আওয়ামী লীগের কৌশল। তারা জনগণকে বিভ্রান্ত করতে একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসে।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এ নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। এতে অনিশ্চয়তা ও সংঘাত বাড়বে। বুয়েটে চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এর আগে বুয়েটে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি হয়েছে বলে শোনা যায়নি। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে নির্লজ্জ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র, শিক্ষক—সবাই তাঁদের পদত্যাগ চান। কিন্তু সরকার না বললে তাঁরা যাবেন না। মির্জা ফখরুল অভিযোগ করেন, একদিকে দলীয়করণ, অন্যদিকে ছাত্রলীগের অন্তর্দলীয় মারামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে। সরকার সুপরিকল্পিতভাবে উচ্চশিক্ষাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, মিথ্যা অপবাদ দিয়ে সরকার তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। সারা দেশ তন্নতন্ন করে খুঁজেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি সরকার।