শরিকদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। তিনি বলেন, স্বতঃস্ফূর্ত হরতাল পালনের মাধ্যমে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। খোন্দকার দেলোয়ার দাবি করেন, গত শনিবার থেকে গতকাল পর্যন্ত সারা দেশে বিএনপির প্রায় তিন হাজার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় প্রায় এক হাজার ৭০০ নেতা-কর্মী পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের নির্যাতনে আহত হয়েছেন। তিনি অবিলম্বে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবি করেন। গতকাল কতজন আটক হয়েছে, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। তবে আনুমানিক ৭০০ নেতা-কর্মী আটক হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের হরতাল বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দিয়েছে। সরকার প্রভাব খাটিয়ে কিছু বাস চালু রেখেছে। কিন্তু জনগণ হরতাল সফল করে সরকারকে অনাস্থা জানিয়েছে। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি বলেন, সরকার বিরোধী দলের ওপর নির্যাতন-অত্যাচার চালানোয় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সরকারের এই আচরণের কারণে বিদেশি শক্তিগুলো এখানে প্রভাব বিস্তারের সুযোগ পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাদেক হোসেন খোকা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ ও রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সারোয়ার, ইলিয়াস আলী, সাংসদ রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।