শরিফ পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কলেজছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শরিফ ওরফে বিহারি শরিফকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আদালতের মাধ্যমে শরিফকে রিমান্ডে নেন। এর আগে ৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বিহারি শরিফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১০ মে শুনানি শেষে তা মঞ্জুর করেন। এসআই হাবিব প্রথম আলোকে জানান, রিমান্ডে নিয়ে শরিফকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। কারণ, তিনি সেলিনার ছোট বোনের ওপর এসিড নিক্ষেপ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এদিকে ঘটনার পর দুই সপ্তাহ পার হলেও মামলার বাকি পাঁচ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন। উল্লেখ্য, মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তারের ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা ১ মে ভোরে তাদের বাড়িতে ঢুকে বড় বোন সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপ করে। সেলিনা নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে ঢাকার বনানীতে এসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন। সেলিনার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আগের মামলার অভিযোগপত্রভুক্ত ছয় আসামির নামে তার মা মাজেদা খাতুন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেছেন। মামলার ৩ নম্বর আসামি মো. শরিফ ওরফে বিহারি শরিফকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ।