শরিফা 'হত্যার' বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীর নয়াটোলার মধুবাগে নিহত গৃহবধূ শরিফা আক্তারকে (রুপা) শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তাঁর মা ও পরিবারের সদস্যরা। হত্যাকারীদের বিচারের দাবিতে তাঁরা গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে নিহত শরিফা আক্তারের মা জিয়া বেগম, খালা সুমি বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মায়ের একটি ছবি হাতে মানববন্ধনে দাঁড়ায় শরিফার পাঁচ বছরের সন্তান আলিফ। শরিফার স্বামী ডালিম আড়াই বছর ধরে দুবাই আছেন। জিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘৯ নভেম্বর সন্ধ্যায় মেয়ের শাশুড়ি মেরি হোসেন ফোন করে বলেন, তাড়াতাড়ি বাসায় আসেন, একটা বিপদ ঘটে গেছে। গিয়ে দেখি মেয়ের লাশ। কীভাবে মরল কিছুই জানি না।’
শরিফার মা ও খালা সুমি বেগম দাবি করেন, শাশুড়ি, ননদ ও এক মামি শাশুড়ির নির্যাতনে শরিফার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।