শরিফের জন্য মায়ের হাহাকার
এক মুহূর্তের জন্য দুই মাসের ছেলে শরিফের মুখ ভুলতে পারছেন না মা পারভিন আক্তার। বুকের ধন ছেলেটি চুরি হয়ে যাওয়ার ২২ দিন পরও কোনো খোঁজ পাননি। প্রতিবেশী ও পরিচিত লোকজনকে কাছে পেলেই ছেলেকে খুঁজে দেওয়ার অনুরোধ জানান তিনি।
গত ২০ জুলাই চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ইউসুফ কলোনির বাসা থেকে শরিফ চুরি হয়। এই ঘটনায় শিশুটির বাবা লেগুনাচালক ফজলুর রহমান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন ওই দিন রাতেই। শরিফকে সালোয়ার-কামিজ পরা এক নারী চুরি করে নিয়ে গেছেন বলে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ওই নারীর মুখ ঢাকা ছিল বলে তাঁকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের কাছ থেকেও কোনো তথ্য পায়নি পুলিশ।
এই মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, চুরি যাওয়া শিশুটি দুই মাস বয়সী হওয়ায় সহজে সন্ধান মিলছে না। যে কারও কোলে এমন শিশু থাকতে পারে। যে নারী শিশুটিকে চুরি করেছেন তিনি তাকে লালন-পালন করছেন, নাকি কারও কাছে বিক্রি করে দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মূল সড়ক থেকে তিন কিলোমিটার ভেতরে কুঞ্জছায়া আবাসিক এলাকা। এখানে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার একটি কক্ষে পরিবার নিয়ে থাকেন লেগুনাচালক ফজলুর রহমান। ওই ভবনের চারদিকই খোলা। ঘটনার দিন দুপুরে ফজলুর রহমান বাসায় ছিলেন না। দুই মাস বয়সী শরিফ ও চার বছরের মেয়ে ফারজানাকে ঘুম পাড়িয়ে তাঁর স্ত্রী পারভিন আক্তার গিয়েছিলেন পানি আনতে। দশ মিনিট পর ফিরে এসে পারভিন দেখেন ছেলে শরিফ বিছানায় নেই। এই ঘটনার দুই দিন আগে দুই নারী তাঁর বাসায় এসেছিলেন বলে জানান পারভিন। তাঁরা পানি খেতে চাইলে তখন পানি দেন তিনি। পারভিনের সন্দেহ, তাঁর ছেলেকে চুরির পেছনে ওই দুই নারী জড়িত থাকতে পারেন।
শিশুটির বাবা ফজলুর রহমান বলেন, গাড়ি চালানোর সময় রাস্তায় কারও কোলে শিশু দেখলে চুরি হওয়া শিশু শরিফের কথা মনে পড়ে যায় তাঁর। ছেলেকে হারিয়ে তাঁর স্ত্রী এখন পাগলপ্রায়। সারাক্ষণ কাঁদছেন তিনি।
যেকোনো মূল্যে সন্তানকে ফিরে পেতে চান মা পারভিন আক্তার। তিনি বলেন, ‘নানা জনের কাছে গেলাম। পুলিশের কাছে ধরনা দিলাম। কিন্তু কোনো খবর পাইনি। জানি না ছেলেটা এখন কী অবস্থায় আছে। তবু আশা ছাড়িনি। আমি আমার ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, সালোয়ার-কামিজ পরা এক নারী একটি শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছেন। ওই নারী নির্মাণাধীন ভবনের নিচতলায় একপাশে ঢুকে আরেক পাশ দিয়ে চলে গেছেন। ঘরটিতে চারপাশ দিয়ে প্রবেশ করা যায়। সিসি ক্যামেরায় ওই নারী ওড়না প্যাঁচিয়ে শিশুটিকে নিয়ে যেতে দেখা গেলেও তাঁর চেহারা দেখা যায়নি। শুধু তাঁর পেছনের অংশ দেখা গেছে। এরপরও জড়িত সন্দেহে সুপ্তা আক্তার, আমেনা বেগম ও নুরুল হাকিম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের কাছ থেকে শিশুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মুহসীন বলেন, গত বৃহস্পতিবার মামলাটি নগর গোয়েন্দা পুলিশে তদন্তের জন্য বদলি হয়েছে। শিশুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এ প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বলেন, গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।