শরিষারচর-নতুনহাটি প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শরিষারচর-নতুনহাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই মাস ধরে রাস্তায় বসে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং বিকল্প কোনো জায়গা না পাওয়ায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের এভাবে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৬ সালে উপজেলার উজানচর ইউনিয়নের নতুনহাটি গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে বিদ্যালয়টির জন্য একতলা একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এখানে ১৫২ জন শিক্ষার্থী এবং চারজন শিক্ষক রয়েছেন। গত ৭ জুলাই উপজেলা শিক্ষা কার্যালয় বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। তখন গ্রীষ্মকালীন ছুটি এবং রমজান ও ঈদুল ফিতরের ছুটি থাকায় সমস্যা হয়নি। ছুটির পর শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে বিপাকে পড়েন শিক্ষকেরা। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাচ্চাদের বিদ্যালয়সংলগ্ন খোলা জায়গায় এবং পাশের রাস্তায় বসিয়ে পাঠদান করতে হচ্ছে।
প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বলেন, ‘রোজার আগে ছাদের পলেস্তারা খসে পড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মাথা ফেটে যায়। বিষয়টি জানানো হলে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ভবনে পাঠদান বন্ধ করে দিয়েছি। তবে খোলা জায়গায় পাঠদান করলে বাচ্চাগুলো রোদে পোড়ে। তারা পাঠে মন দিতে পারছে না। বৃষ্টি এলে তো পাঠদান বন্ধই রাখতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে আর পাঠদান করতে শিক্ষকদের নিষেধ করা হয়েছে।