শরীফ উদ্দীনের অপসারণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধান চেয়ে রিটের আদেশ ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধানে ‘স্বাধীন কমিটি’ গঠন চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য ১৫ মার্চ দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদেশের নতুন এই দিন ধার্য করেন।

চাকরিবিধি না মানার কারণে ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর এ নিয়ে গণমাধ্যমে দুদক ও শরীফের আসা পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধান চেয়ে ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ১০ আইনজীবী ওই রিট করেন। এতে অভিযোগ অনুসন্ধানে ‘স্বাধীন অনুসন্ধান কমিটি’ গঠনের নির্দেশনাও চাওয়া হয়।

রিটের ওপর ৮ মার্চ শুনানি নিয়ে আদালত ১৩ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। একই সঙ্গে পক্ষগুলোর কোনো বক্তব্য থাকলে তা উপস্থাপনের জন্য আজকের দিন রাখেন। আজ শুনানি নিয়ে আদেশের নতুন ওই দিন ধার্য করেন আদালত।

আজকের শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রায় পক্ষে গেলে একপক্ষ বলে ন্যায়বিচার পেয়েছি, আর অন্য পক্ষকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলতে শোনা যায়। এ নিয়ে পত্রপত্রিকায় তাদের পাল্টাপাল্টি বক্তব্য আসে। রিটে পাল্টাপাল্টি (দুদক ও শরীফ) অভিযোগ অনুসন্ধান চাওয়া হয়েছে। এটি হলে তো প্রতিটি ঘটনা অনুসন্ধানে কমিটি গঠন করতে হবে—এটি কী সম্ভব? জব্দ করা ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা শরীফ ব্যাংকে জমা না দিয়ে প্রায় দেড় বছরের মতো নিজের কাছে রাখেন। একজন তদন্তকারী কর্মকর্তা কি এটা করতে পারেন?

আইনজীবী খুরশীদ আলম খান আরও বলেন, রিট আবেদনকারীরা সংক্ষুব্ধ ব্যক্তি নন, তাই তাঁদের রিট গ্রহণযোগ্য নয়। দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধির ক্ষমতাবলে শরীফকে চাকুরিচ্যুত করা হয়েছে, যা দুদকের অভ্যন্তরীণ বিষয়। দুদকের তদারকির ক্ষমতা না থাকলে কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণ করবে। শরীফকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যাতে অন্যরা সতর্ক থাকে।

রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। শরীফকে অপসারণ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ উঠছে। দুদকের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হলে জনগণ হিসেবে আমাকে ক্ষতিগ্রস্ত করে। যে কারণে রিট নিয়ে আসতে পারি।

আর ৫৪ (২) বিধি রিটের বিষয়বস্তু নয়। চাকুরিচ্যুতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে দুদকের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই অনুসন্ধান প্রয়োজন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হলেও পরে রিটকারীপক্ষ সম্পূরক তথ্য দেয়। এতে দেখা যায় দুদক শরীফকে বা শরীফ দুদককে যেসব চিঠিপত্র দিয়েছে, সেগুলো যুক্ত করা হয়েছে। গণমাধ্যমে আসেনি এমন কাগজও যুক্ত রয়েছে, এর তথ্যসূত্র নেই।

অর্থাৎ এখানে শরীফের উপস্থিতি আছে। তাই ঘটনা সম্পর্কে জানতে শরীফকে আদালতে ডাকা হোক।

তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শরীফকে কেন ডাকবেন? দুদকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে উনি আবেদন করেছেন, যা বিবেচনাধীন। তাই তাঁকে ডাকা হলে এটি তো শরীফের রিট হয়ে যাবে।