শরীফপুরে চা-শ্রমিক চেয়ারম্যান পদপ্রার্থী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একজন চা-শ্রমিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ মে এ ইউপিতে ভোট হবে।
ওই চা-শ্রমিকের নাম অনিল বাড়াইক। গতকাল শুক্রবার চাতলাপুর চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিল বাড়াইক এর আগে আট বছর ধরে ইউপি সদস্য ছিলেন। এ ছাড়া চা-বাগান পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে তিনি চার বছর দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সুনামের সঙ্গেই কাজ করেছেন। এই ভাবমূর্তিকে সামনে রেখেই তিনি প্রচারণা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চা-শ্রমিক বলেন, শরীফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে পাঁচজনই গ্রামের। ওই পাঁচজন প্রার্থী গ্রামের ভোট ভাগাভাগি করে নেবেন। আর এককভাবে চা-শ্রমিকেরা অনিল বাড়াইককে ভোট দিলে তাঁরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
অনিল বলেন, ‘জয়-পরাজয়ই বড় কথা নয়। যদি চা-শ্রমিকেরা মনে করেন, তাঁদের হয়ে অধিকার আদায় করতে নিজেদের প্রতিনিধির দরকার, তা হলে অবশ্যই চা-শ্রমিকেরা আমাকে ভোট দেবেন।’