শরীফা ও আতিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গৃহবধূ শরীফা বেগমের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। একই দিন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর রওশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আতিক হাসানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধ ও সমাবেশ হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বড়লেখা শহরের শহীদ মিনার এলাকায় মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবদুল মালিক জুনু। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গত ২০ মার্চ বড়লেখা পৌর এলাকার মহদিকোনায় শ্বশুরবাড়িতে গৃহবধূ শরীফা বেগম মারা যান। এ ঘটনায় শরীফার বাবা আবদুল মালিক পরদিন চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কুতুবপুর রওশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আতিক হাসানের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে তার সহপাঠীরা সখীপুর-সাগরদীঘি সড়ক এক ঘণ্টা অবরোধ করে। কুতুবপুর রওশন উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে সমাবেশে প্রধান শিক্ষক শুকুর মাহমুদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সভাপতি কামরুল হাসান, সহকারী শিক্ষক আবদুল জলিল, শিক্ষার্থী সাব্বির রহমান ও নির্জনা আক্তার।
নিখোঁজের চার দিন পর গত বুধবার আতিক হাসানের (১৩) লাশ টাঙ্গাইলের ঘাটাইলের চাম্বলতলা এলাকার গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এর আগের দিন মঙ্গলবার গ্রামবাসী আতিকের বন্ধু নাহিদ রাসেল (১৮) ও ওয়াসিমকে (১৪) আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় বুধবার আতিকের মা আয়শা আক্তার মামলা করেন।