শরীফা হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের ছাত্রী শরীফা সুলতানা হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার সকালে কলেজের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ১২ মে শরীফার স্বামী মাহমুদুল আলম বাগেরহাটের মোল্লাহাটে নিজ বাড়ির শয়নকক্ষে জবাই করে শরীফাকে হত্যা করে। হত্যাকাণ্ডের দুই দিন আগে ১০ মে এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন শরীফা। মোল্লাহাট উপজেলার উদয়পুরে তাঁদের বাড়ি। বাবা আবু দাউদ শেখ। ২০০৮ সালে শরীফার বড় বোন সাগরিকার বিয়ে হয় মাহমুদুলের বড় ভাইয়ের সঙ্গে। সেই থেকে শরীফাকে বিয়ে করার জন্য পিছু লেগে ছিলেন মাহমুদুল। কিন্তু শরীফার মা-বাবা একই পরিবারে দুই মেয়ে বিয়ে দিতে রাজি ছিলেন না। পরিবারের বাধা সত্ত্বেও ২০১২ সালে এপ্রিলে মাহমুদুল আলম একপ্রকার জোর করেই শরীফাকে বিয়ে করেন। এর পর থেকেই শরীফার ওপর শুরু হয় মাহমুদুলের নির্যাতন। দুই পরিবারের সম্মতিতে ১০ মে এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর দুই দিন পরই স্ত্রীকে চাপাতি দিয়ে জবাই করে থানায় আত্মসমর্পণ করেন মাহমুদুল। মানববন্ধনে অংশ নিয়ে শরীফার বড় ভাই সোহাগ শেখ প্রথম আলোকে বলেন, মাহমুদুল পরিকল্পিতভাবে হত্য করেছেন শরীফাকে। পরে নাটক সাজাতে কীটনাশক পান করে পুলিশের কাছে ধরা দিয়েছেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ইডেন কলেজের শিক্ষক সামছুন নাহার, কলেজের দুই হোস্টেল সুপার কামরুন নাহার ও রীতা ফেরদৌস, কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, কেন্দ্রীয় সদস্য ঊর্মিলা ঢালী প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা আভিযোগ করেন, মাহমুদুলের ভগ্নিপতি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী তদন্ত প্রভাবিত করছেন। এ বিষয়ে ফরমান আলী প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ মিথ্যা। আমি কেন বাধা দেব। মাহমুদুল তো জেলে।’ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন, জঘন্যতম অপরাধের শাস্তি নিশ্চিত করতেই মানববন্ধনের আয়োজন।