শরীয়তপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গত শুক্র ও গতকাল শনিবার ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের বিল্লাল হোসেন মাদবর (১৮) ও সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের জিম (৭)।
বিল্লাল শরীয়তপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পালং মডেল থানা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, স্বর্ণঘোষ গ্রামের আল ইসলাম মাদবর তাঁর ছোট বোনের বিয়ে উপলক্ষে চাচাতো ভাই বিল্লাল ও ভাগনি সোনালীকে নিয়ে মোটরসাইকেলে করে শুক্রবার সন্ধ্যায় একই উপজেলার সুবচনী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত দিতে রওনা হন। পথে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের রুদ্রকরের বালার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালকসহ অন্য দুই আরোহী মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান। এদিকে আল ইসলাম মাদবর ও সোনালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাওয়ায় ট্রাকটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল পাইকগাছা থেকে খুলনা যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তালা উপজেলার জাতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জিম নামের শিশুটি গুরুতর আহত হয়। এ সময় তার মা মেরিনা খাতুনসহ কমপক্ষে আরও ১০ জন আহত হন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। অন্যদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।