শরীয়তপুরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামে লোকমান হোসেন (১১) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে চাচা মিন্টু হাওলাদার শিশুটিকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুর দুইটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে মারা যায় লোকমান। এ ঘটনায় মিন্টু হাওলাদারের স্ত্রী রাশিদা বেগমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওই গ্রামের ভ্যানচালক কালু হাওলাদারের ছেলে লোকমান। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মিন্টু হাওলাদারের পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবার সন্ধ্যায় মিন্টু হাওলাদার ও তাঁর স্ত্রী লোকমানের মা পারভিন আক্তারকে মারধর করেন। এ সময় লোকমান এগিয়ে গেলে তাঁরা তাকেও মারধর করেন। পরে প্রতিবেশীরা লোকমানকে উদ্ধার করে রাতে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংকটাপন্ন অবস্থায় গতকাল দুপুরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর দুইটার দিকে সে মারা যায়।
কালু হাওলাদার অভিযোগ করেন, তাঁর বড় ভাই মিন্টুর সঙ্গে বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শত্রুতা করে তিনি তাঁর (কালু) ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন।