শরীয়তপুরে সেতু ভেঙে ট্রাক নদীতে যান চলাচল বন্ধ
শরীয়তপুর-মাদারীপুর সড়কের খোয়াজপুর টেকেরহাটে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে।
গতকাল বুধবার সকাল সাতটায় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক সেতুতে উঠলে ১১০ মিটার বেইলির পাটাতন নিয়ে কীর্তিনাশা নদীতে পড়ে যায়। এ কারণে শরীয়তপুরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৪ সালে হালকা যানবাহন চলাচলের জন্য ৩৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। ২০০১ সালে শরীয়তপুরের ওপর দিয়ে চট্টগ্রাম-খুলনা আঞ্চলিক মহাসড়ক চালু করা হলে সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হয়।
২০০৫ সালে সড়ক বিভাগ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। সেতু দিয়ে ভারী যান চলাচল অব্যাহত থাকায় ২০১০ সালে সেতুটি সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পরও সব ধরনের যান চলাচল অব্যাহত থাকে।
গতকাল সকাল সাতটার দিকে খুলনা থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে ১১০ মিটার পাটাতন নিয়ে কীর্তিনাশায় পড়ে যায়।
এ সময় ট্রাকের চালক ও হেলপার আহত হন। এর পর থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে আটকে থাকা যানবাহনের যাত্রীরা ট্রলারযোগে নদী পার হয়ে গন্তব্যে রওনা হন।
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এইচ এম ইকবাল জানান, সেতুটি ভেঙে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন স্থানে বেইলি সেতুর পাটাতনের সন্ধান করা হচ্ছে। পাওয়া গেলে ৮-১০ দিনের মধ্যে সেতুটি মেরামত করে চালু করা যাবে।