শরীয়তপুরের সোলায়মান ও ইদ্রিসের বিরুদ্ধে ৪ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের মো. সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির সমন্বয়ক মো. আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শরীয়তপুরের কাশিপুর মুসলিমপাড়ার বাসিন্দা সোলায়মান মোল্লা (৮৪) ১৯৬৩ সাল থেকে মুসলিম লীগের রাজনীতি করতেন। তিনি ওই সময় শরীয়তপুরের পালং থানার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি জমিয়াতুল উলামায়ে ইসলাম দলে যোগ দিয়ে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে আবার মুসলিম লীগে ফিরে আসেন। একাত্তরে তিনি এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন। গত ১৫ জুন থেকে তিনি কারাগারে আটক আছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, একই জেলার ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিস মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শেষ হলে তিনি জামায়াতে যোগ দেন। একাত্তরে তিনি পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার জন্য শান্তি কমিটি ও রাজাকার বাহিনীতে যোগ দেন এবং এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে অংশ নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইদ্রিস আলীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আবদুল হান্নান খান বলেন, এই দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো: মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর সদরে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২০০ মানুষকে হত্যা; মালোপাড়ার হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ জন নারীকে ধর্ষণ ও নির্যাতন; শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবনে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা এবং হিন্দু সম্প্রদায়ের এক-দেড় হাজার মানুষকে দেশান্তরে বাধ্য করা।
সানাউল হক পরে প্রথম আলোকে বলেন, গত ১ এপ্রিল সোলায়মান ও ইদ্রিসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তাঁদের বিরুদ্ধে চারটি অভিযোগের বিপরীতে ২৮ জনকে সাক্ষী রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।