কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক দেখা দিয়েছে। তিন সপ্তাহ ধরে ওই গ্রামের ৫০ জনের বেশি অসুস্থ হয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা হাসপাতালে না গিয়ে কবিরাজের শরণাপন্ন হচ্ছেন। কবিরাজ ব্লেড দিয়ে শরীরের কয়েক জায়গায় কেটে রক্ত ঝরিয়ে তাতে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা দিচ্ছেন।
কবিরাজের এ ধরনের চিকিৎসার খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকুল উদদীন ওই গ্রামে যান। তাঁরা ভুক্তভোগী ১৩ জনের সঙ্গে কথা বলেন।
জানতে চাইলে আকুল উদদীন বলেন, কয়েক দিন আগে সাপের কামড়ে ওই গ্রামের এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে মানুষের মধ্যে অজানা আতঙ্ক দেখা দেয়। একজনের দেখে অন্যজনের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে, যেটাকে গণমনস্তাত্ত্বিক বলা হয়। কয়েকজনকে মনস্তাত্ত্বিক সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকায় যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে ঢাকা থেকে চিকিৎসক দল নিয়ে আসা হবে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে ওই গ্রামের মকছেদ আলীর ছেলে বাবর আলীর (১৬) সাপের কামড়ে মৃত্যু হয়। এরপর থেকে ওই পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান। প্রতিবেশী কয়েকজন ওই ঘটনার পর থেকে তাঁদের শরীরে মশার কামড় অনুভব করতে থাকেন। এর কিছু সময়ের মধ্যেই অসহনীয় জ্বালাপোড়া অনুভূত হচ্ছে। কেউ কেউ অচেতন হয়ে পড়ছে। গত তিন সপ্তাহে জাহেদপুর পশ্চিমপাড়ার ৫০ থেকে ৬০ নারী-পুরুষ ওই অজানা রোগে আক্রান্ত হয়েছেন।
ঘটনার পর থেকে পাশের কসবা গ্রামের কবিরাজ আলিম উদ্দিন আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তাঁর ভাষ্যমতে, অসুস্থ ব্যক্তিদের শরীরে হাত চালান দিয়ে বিষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। ব্লেড দিয়ে অসুস্থ ব্যক্তিদের শরীরের কয়েক জায়গায় কেটে বিষযুক্ত রক্ত বের করে তিনি ঝাড়ফুঁক ও তেল-পানি পড়ে মাথায় দিলে তাঁরা ভালো হয়ে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদদীন বলেন, গ্রামের মানুষদের সচেতন করা হয়েছে। তাঁদের কবিরাজের কাছে কোনো চিকিৎসা না নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউএনও সাহেলা আক্তার বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে এলাকার মানুষদের সচেতনতামূলক সভা করা হচ্ছে। মনের ভয়ভীতি দূর করতে সেখানে চিকিৎসক দল পাঠানো হয়েছে।