শরীর চর্চায় ‘আমরা সবুজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ দেহে সুন্দর মন’। ‘সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়ামের কোনো বিকল্প নেই’—এসব কথা কমবেশি সবাই জানেন। কিন্তু একটু চেষ্টা, উদ্যম ও অনুপ্রেরণার অভাবে সেই শরীরচর্চা আর করা হয়ে ওঠে না। কিশোরগঞ্জ শহরের আইয়ুব আলী খান হচ্ছেন সেই মানুষ, যিনি নিজে নিয়মিত শরীরচর্চা করেন এবং অন্যকেও উদ্বুদ্ধ করেন। প্রায় ১৫০ জন মানুষকে নিয়ে রোজ সকালে শরীরচর্চা করেন তিনি। ২০ বছর ধরে এভাবেই নীরবে শত শত মানুষকে সেবা দিয়ে আসছেন তিনি। কিশোরগঞ্জবাসীর কাছে শরীরচর্চাকে সামাজিক আন্দোলনে পরিণত করার স্বপ্ন দেখেন তিনি।কারও সঙ্গে দেখা হলেই আইয়ুব আলী খান (৫৪) প্রথমে তার শরীর ও স্বাস্থ্যের খোঁজ নেন। চল্লিশোর্ধ্ব কাউকে পেলে ব্যায়াম করার আন্তরিক পরামর্শ দেন। এভাবে শরীরচর্চায় দেড় শতাধিক মানুষকে উদ্বুদ্ধ করে দলে ভিড়িয়েছেন। গড়ে তুলেছেন ‘আমরা সবুজ’ নামে একটি সংগঠন। সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিদিন ভোরে রাস্তায় বের হন। পরে শহরের পুরোনো স্টেডিয়ামে গিয়ে শারীরিক কসরত শুরু করেন। ডায়াবেটিসে আক্রান্ত বা মুটিয়ে যাওয়া লোকজন ছাড়া সুস্থ ব্যক্তিরাও আছেন আইয়ুব আলী খানের শরীরচর্চা দলে। শারীরিক গঠন দেখেই তিনি বোঝেন, কার কোন ধরনের ব্যায়াম দরকার। শিখিয়ে দেন কে, কীভাবে, কতটুকু শরীরচর্চা করবেন। পেশায় আইয়ুব আলী একজন ব্যবসায়ী। বাড়ি শহরের গাইটাল এলাকায়। শরীরচর্চার ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তাঁর। তবে বহুবিধ পড়াশোনা আছে। সংগঠন সূত্রে জানা গেছে, ১৯৯০-৯১ সালের দিকে পাঁচজন সদস্য নিয়ে আইয়ুব আলী খান প্রথমে শরীরচর্চা শুরু করেন। সদর উপজেলা পরিষদের পুকুরসংলগ্ন বনবীথিতে প্রথমে তাঁরা শরীরচর্চা করতেন। সম্প্রতি ‘আমরা সবুজ’ কিশোরগঞ্জ স্টেডিয়ামে মিনি-ম্যারথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সংগঠনটির সঙ্গে শুধু পরিবারের কর্তাব্যক্তিরাই নন, তাঁদের স্ত্রী ও ছেলেমেয়েরাও যুক্ত। সব মিলিয়ে একটা পারিবারিক স্বাস্থ্য আন্দোলনের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ‘আমরা সবুজ’। শরীরচর্চা ও ব্যায়ামকে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে রয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলোচনা, উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক ও নানা প্রতিযোগিতা।শিক্ষক অনিল চন্দ্র পণ্ডিত বলেন, ‘দেড় বছর আগে বাইপাস সার্জারি হওয়ার পর থেকে সুস্থ থাকার জন্য সংগঠনটির সদস্যদের সঙ্গে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাই। এখন অনেক ভালো আছি।’ প্রবীণ আইনজীবী ক্ষিতীশ চন্দ্র দেবনাথ বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা করি। এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ অধ্যাপক এনায়েতুর রহমান খান বলেন, ‘আগে হাঁটতে গেলে বুকে ব্যথা হতো। ওষুধ খেয়ে উপকার পাইনি। সংগঠনের সদস্য হিসেবে শরীরচর্চা করে এখন ওষুধ ছাড়াই ভালো আছি।’ কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবদুল হাই জানান, প্রাতঃকালীন শরীরচর্চাকারীদের এই সংগঠনটির প্রশংসা না করে পারা যায় না। সংগঠনের সদস্যরা অনেক বছর ধরে একসঙ্গে প্রতিদিন ভোরে শরীরচর্চা করে আসছেন। মো. আইয়ুব আলী খান শুরু করেছিলেন। এখন শরীরচর্চার বিষয়টি কিশোরগঞ্জে আন্দোলনে পরিণত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ বারী খান জানান, শরীরচর্চা ছাড়া সুস্থ দেহ ও সুন্দর মন নিশ্চিত করা সম্ভব নয়। তেমনি সুস্থ জাতি ছাড়া উন্নত দেশ গড়া অসম্ভব। এ ক্ষেত্রে আমরা সবুজের তৎপরতা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সংগঠনের সভাপতি মো. আইয়ুব আলী খান ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিসৃ্তত করে শরীরচর্চাকে সামাজিক আন্দোলনে পরিণত করার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘পাঁচজনকে নিয়ে শুরু করেছিলাম। এখন দেড় শতাধিক সদস্য প্রতিদিন শরীরচর্চায় আসছেন। এটি ইতিবাচক দিক। এতে তাঁরা নিজেরা লাভবান হচ্ছেন। পাশাপাশিভাবে সুন্দর ও সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখছেন।’