শরীর নয়, মনের জোরই আসল

কারও পায়ে সমস্যা, কারও হাতে। একজন ঠিকমতো হাঁটতে পারেন না তো অন্যজন দুই হাতে সমান জোর পান না। তাঁরা সবাই শারীরিক প্রতিবন্ধী। স্বাভাবিক চলাফেরাতেই কষ্ট হয়। কিন্তু সব কষ্টই যেন উবে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠের ২২ গজে। এই ২২ গজে তাঁরা আবারও প্রমাণ করলেন, শরীর কোনো বাধা নয়, মনের জোরই আসল।
মনের জোরেই তাঁরা খেললেন ৩০ ওভারের এক অনবদ্য ক্রিকেট ম্যাচ। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি)’ গতকাল বৃহস্পতিবার ম্যাচটির আয়োজন করে। সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন। উপাচার্য খেলায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, অনেক সুস্থ মানুষের পক্ষে সব ধরনের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা খেলাধুলায় এগিয়ে আসে না। কিন্তু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনারা ক্রিকেটের মতো একটি কঠিন খেলায় এগিয়ে এসেছেন। শারীরিক প্রতিবন্ধীদের সম্পর্কে তিনি বলেন, সুযোগ পেলে তাঁরাও দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারেন।
বিসিএপিসির সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার, আয়োজক সংগঠনের সহসভাপতি জওয়াহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অঞ্চল ও উত্তরাঞ্চলের তরুণেরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। উত্তরাঞ্চল টসে জিতে প্রথমে ব্যাট করে ৩০ ওভারে আট উইকেট হারিয়ে করে ১০০ রান। পরে ১৬ ওভার ও নয় উইকেট হাতে রেখে ১৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা অঞ্চল। ম্যাচসেরা হন ঢাকার মো. ইমরান। তিনি ৪৭ বলে ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। বিকেলে হল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ম্যাচসেরা ইমরান প্রথম আলোকে বলেন, ‘১৫-১৬ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর থেকে ডান হাতটি বলতে গেলে আর কাজ করে না। এ দুর্ঘটনার আগে থেকেই আমি ক্রিকেট খেলতাম। দুর্ঘটনার পর ভেবেছিলাম আর খেলতে পারব না। কিন্তু এখন আর সমস্যা হয় না।’
উত্তরাঞ্চল দলের অধিনায়ক শিহাব মণ্ডল বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার কারণে আগে পাড়ার মাঠে কেউ খেলায় নিতে চাইত না। এখন সবাই সমীহ করে। ক্রিকেটের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবন্ধকতাকে জয় করতে পেরেছি।’