
সুপরিসর কক্ষে উপযুক্ত যন্ত্রপাতি ও ব্যায়ামের আদর্শ পরিবেশসহ একটি আধুনিক শরীরচর্চা কেন্দ্রের যে দৃশ্যগুলো কল্পনায় ভেসে ওঠে, তার সঙ্গে সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সের শরীরচর্চা কেন্দ্রটির কোনো মিল পাওয়া যাবে না। প্রশিক্ষক না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত এই শরীরচর্চা কেন্দ্রটি পাঁচ বছর ধরে বন্ধ। এর মধ্যেই কেন্দ্রটির বিকল হয়ে পড়া যন্ত্রপাতিতে জমেছে ধুলার স্তর। বেসরকারি পর্যায়ে পরিচালিত শরীরচর্চা কেন্দ্রগুলোর তুলনায় এর সদস্য হওয়ার খরচ ও মাসিক ফি নামমাত্র হলেও প্রচার না থাকায় এলাকার মানুষ কেন্দ্রটির অবস্থান সম্পর্কেও জানেন না।
সেগুনবাগিচার কাছাকাছি কাকরাইলের ওয়ার্ল্ড জিম নামের বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শরীরচর্চা কেন্দ্রটি ২০০৯ সাল থেকে চালু আছে। এর দেখাশোনার দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম বলেন, এর অধিকাংশ সদস্যই তরুণ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চাকরিজীবী-পেশাজীবীরাও এ তালিকায় আছেন। এখানে সদস্য হতে হলে মাসিক ফি তিন হাজার টাকা দিতে হয়। ডিএসসিসির শরীরচর্চা কেন্দ্রগুলোর মাসিক ফি এক হাজার টাকার নিচে।
সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্স ভবনটি চালু হয় ২০০৭ সালে। ভবনটিতে বাজার, কমিউনিটি সেন্টার ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়সহ একটি শরীরচর্চা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুরুর দিকে একজন প্রশিক্ষক শরীরচর্চা কেন্দ্রটিতে নিয়মিত প্রশিক্ষণ দিতেন। তিনি অবসরে যাওয়ার পর নতুন কোনো প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এরপর থেকে কেন্দ্রটি বন্ধই আছে।
সরেজমিনে দেখা যায়, ভবনের তৃতীয় তলার পশ্চিম দিকের একটি কক্ষে শরীরচর্চা কেন্দ্রটির অবস্থান। কক্ষের কাচের দরজার সামনে অব্যবহৃত চেয়ার, ভাঙা দরজা ও বস্তাভর্তি নানা সরঞ্জাম ফেলে রাখা। এগুলো পেরিয়ে তালা দেওয়া কাচের দরজার দিয়ে ভেতরে তাকাতেই চোখে পড়ল শরীরচর্চার পরিত্যক্ত যন্ত্রপাতিগুলো। অবিন্যস্তভাবে রাখার কারণে ও ধুলার স্তর পড়ে যাওয়ার এর বেশিরভাগই চেনার উপায় নেই।
এখান থেকে ভবনের নিচতলার বাজারে কথা হলো কয়েক জন ক্রেতার সঙ্গে। তাঁরা প্রায় নিয়মিত এখানে বাজার করেন। কিন্তু কেউই ওপরের তলার শরীরচর্চা কেন্দ্রটির বিষয়ে কিছু জানেন না। প্রশ্ন শুনে চাকরিজীবী আবদুল্লাহ আল মুবিন বলেন, ‘এখানে যে শরীরচর্চা কেন্দ্র আছে তা আজই জানলাম। মানুষজন ব্যবহার করে বলে মনে হয় না। কারণ, ব্যবহার হলে এর প্রচার থাকত।’
বন্ধ হয়ে থাকা শরীরচর্চা কেন্দ্রটির বিষয়ে জানতে চাইলে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. তওহীদ হাসান বলেন, ‘শরীরচর্চা কেন্দ্রটির আধুনিকায়ন ও প্রশিক্ষক নিয়োগের জন্য দুই বছর আগেই সিটি করপোরেশনের সমাজকল্যাণ বিভাগ বরাবর চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।’
আর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ বললেন, ‘শরীরচর্চা কেন্দ্রটি নারী-পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী করে তৈরি করার চেষ্টা করছি। নির্বাচনের পর আমি এটি পরিত্যক্ত অবস্থায় পেয়েছি।’