শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চার দিন পর গৃহবধূর মৃত্যু
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চার দিন পর গতকাল মঙ্গলবার মারা গেছেন কাকলী (২৪) নামের এক গৃহবধূ। তিনি রাজধানীর মিরপুরের মণিপুর এলাকার জিন্নাত আলীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাকলী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় জাকির গ্রিল ওয়ার্কশপের সামনে তিনি প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান। ওয়ার্কশপের মালিক মো. জাকিরের ছেলে সোহেলের স্ত্রী কাকলী। চার বছর আগে তাঁরা নিজেদের পছন্দে বিয়ে করেন। সোহেল বিয়ের পরও কাকলীকে বেশির ভাগ সময় তাঁর বাবার বাড়িতে রাখেন। সোহেল অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় কাকলীকে কাছে নিয়ে আসতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ আছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সোহেলদের ওয়ার্কশপের সামনে কাকলী চিৎকার করতে করতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। তাঁকে উদ্ধার করে প্রথমে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে কথা বলতে চাইলে অপারগতা প্রকাশ করেন সোহেল। কাকলীর ভাই দীপু মুঠোফোনে জানান, তাঁর বোনের দাফনের কাজ শেষ করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন।