শরীরে কেরোসিন ঢুকিয়ে চিকিৎসকের আত্মহত্যা!
নিজের শরীরে কেরোসিন ঢোকানোর আট দিন পর গতকাল সোমবার মারা গেলেন শিক্ষানবিশ চিকিৎসক নাঈমা সুলতানা (২৬)। পুলিশ ও চিকিৎসকদের ধারণা, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরের শিরায় কেরোসিন প্রবেশ করান।
নিহত নাঈমার স্বজনেরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসে থাকতেন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক নাঈমা। ১২ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি নিজের কক্ষে সবার অগোচরে ইনজেকশনের সিরিঞ্জে কেরোসিন ভরে শরীরে ঢোকান (পুশ করেন)। অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা গুরুতর হলে নাঈমা সুলতানকে ১৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতকাল ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়। নাঈমার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাজাবাড়ী এলাকায়।