‘কেমন আর থাকব ভাই, কোনো রকমে বেঁচে আছি। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারি না। স্প্লিন্টারগুলো শরীরের ভেতরে নড়াচড়া করে। ভীষণ যন্ত্রণা হয়। আরও যন্ত্রণা হয়, যখন বিচার নিয়ে সংশয় বোধ করি।’ কুশল জিজ্ঞেস করলে কথাগুলো বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহবুবা পারভীন। নয় বছর আগে ২০০৪ সালের আজকের দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। সেদিন দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও হতাহত হন অনেকে। তাঁদের একজন মাহবুবা পারভীন। গ্রেনেড হামলার নয় বছর পরও মাহবুবা ভালোভাবে হাঁটতে পারেন না। লাঠি ভর করে খুঁড়িয়ে চলতে হয়। অন্যের সাহায্য ছাড়া দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না তাঁর।মাহবুবা বলেন, ‘স্প্লিন্টারগুলো আমাকে প্রতি মুহূর্তে সেই ভয়াবহ গ্রেনেড হামলার কথাই মনে করিয়ে দেয়। বাইরে কোনো ক্ষত না থাকলেও স্প্লিন্টারগুলো শরীরের ভেতরে নড়াচড়া করায় যন্ত্রণা হয়। রাতে এই যন্ত্রণা আরও বেড়ে যায়। অসহ্য যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। ঘুমানোর জন্য প্রতি রাতেই ঘুমের বড়ি খেতে হয়। এর পরও কোনো শব্দ কানে এলে গ্রেনেড গ্রেনেড বলে চিৎকার করে উঠি।’ সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে বাবার দেওয়া ছোট্ট এক টুকরা জমিতে আধাপাকা ঘরে স্বামী-সন্তানদের নিয়ে থাকেন মাহবুবা। স্বামী এম এম মাসুদ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট। বড় ছেলে আসিফ পারভেজ ও ছোট ছেলে রোসাদ জোবায়ের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেন। চার ভাই ও বোনের মধ্যে তিনি চতুর্থ। ছেলেদের পড়ালেখা চলে স্বজনদের দান আর বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের অর্থে। ট্রাস্ট থেকে তাঁকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। মাহবুবা বলেন, ‘এত কষ্টের মধ্যেও শান্তি পেতাম, যদি হামলাকারীদের বিচার হতো।’