শরীরে পোস্টার সেঁটে প্রচারণা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুজন সমর্থক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন। তাঁরা শরীরের সামনে-পেছনে নিজ নিজ প্রার্থীর পোস্টার লাগিয়ে বাইসাইকেলে করে এলাকা চষে বেড়াচ্ছেন।
কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে দুজনে এভাবেই প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের স্টেশন সড়ক দিয়ে আজাহার আলী নামের এক ব্যক্তি বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামানের নির্বাচনী মোটরসাইকেল প্রতীকের পোস্টার শরীরে সাঁটিয়ে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ান এবং তাঁকে স্লোগান দিতে দেখা যায়।
কিছুক্ষণ পরই ওই সড়কে আনোয়ার হোসেন নামের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর ঘোড়া প্রতীকের পোস্টার শরীরে সাঁটিয়ে বাইসাইকেলে চড়ে ঘুরছিলেন। তিনিও নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
আজহার আলী ও আনোয়ার হোসেন বলেন, তাঁরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালান। প্রচারণার সময় তাঁদের লোকজন ঘিরে ধরছেন। কেউ মুঠোফোনে তাঁদের ছবিও তুলছেন।
স্টেশন রোডের ব্যবসায়ী রাজা আহমেঞ্চদ বলেন, প্রায় এক সপ্তাহ ধরে দুজনকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। দুজনের শরীরের সামনে-পেছনে পোস্টার থাকছে, যা নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।