
একটি কক্ষে ১০ জন, অন্য কক্ষে ৫ জন। কারও ব্যান্ডেজ মাথায়, কারও বা হাতে-পায়ে। সবার চোখে-মুখে আতঙ্কের ছাপ। কেউ কেউ ব্যথায় কাতরাচ্ছে। অনেকে ভালোভাবে কলমও ধরতে পারছে না। তারপরও তারা অংশ নিয়েছে পরীক্ষায়।
গতকাল বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায় এই দৃশ্য।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া বাজারের এক কিলোমিটার পূর্বে একটি বাস খাদে পড়ে গেলে ওই ১৫ জন দাখিল পরীক্ষার্থী আহত হয়। গতকাল ছিল ফিকাহ ও উসুল ফিকাহ বিষয়ের পরীক্ষা।
আহত পরীক্ষার্থীরা হলো আয়েশা ছিদ্দিকা, মোহাম্মদ রিজভী, শাহিনা আকতার, শারমিন আকতার, মো. শহিদ, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, মো. রায়হান, মাহমুদুল ইসলাম, আলী আজগর, এলিজা খাতুন, মোস্তফা জামাল, মনিরা বেগম, হাদিসা আকতার, নাইমা সুলতানা।

শিক্ষক, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে ইলিশিয়া বাজার থেকে সাহারবিল আনোয়ারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের উদ্দেশে বাসে করে রওনা দেয় ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫৪ জন শিক্ষার্থী। ইলিশিয়া বাজার থেকে ১ কিলোমিটার পূর্বে একটি টমটম গাড়িকে অতিক্রম করার সময় বাসটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় পাশের একটি মৎস্য খামারে মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা পরীক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। আহত পরীক্ষার্থীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে যায়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের প্রথম আলোকে বলেন, ১৫ জন পরীক্ষার্থীর মাথা, পা ও হাতের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ মুড়িয়ে দেওয়া হয়েছে। তারা সবাই ঝুঁকিমুক্ত। পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কান্নাকাটি করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, আহত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তবে তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।
দুর্ঘটনায় আহত পরীক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
কেন্দ্র সচিব কবির হোছাইন বলেন, আহত পরীক্ষার্থীরা শীতে ও ভয়ে কাঁপছিল। তাদের সাহস জোগানো হয়েছে। তবে তাদের জন্য আলাদা সময় বরাদ্দ করা হয়নি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের বাস খাদে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে দ্রুত পরীক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসা করিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়েছে।