শরীরের সঙ্গে সংসারও পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বলতে শুধু দুই হাত। তাই দিয়ে দিনরাত খাটতেন শিমু (৩৫)। মাস শেষে সামান্য কিছু টাকা পেতেন। তা দিয়েই চলত সংসার, মিটত ছেলের আবদার। দারিদ্র্যসীমার নিচে থেকেও সুখেই ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সব সুখ পুড়ে গেছে আশুলিয়ার কারখানার আগুনে।
আগুনে দগ্ধ শিমু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। তারপরও তাঁর ভাবনায় সেই ছোট শিশুরা। যারা তারই সঙ্গে কাজ করত। তাঁর মতোই আরও ২৩ জন হাসপাতালে কাতরাচ্ছে।
শিমুর কর্মস্থল ছিল ঢাকার আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার কারখানা। গত মঙ্গলবার কারখানাটিতে আগুন লাগে। এতে ২৬ জন দগ্ধ হন। দগ্ধদের সবাই নারী ও শিশু। চিকিৎসাধীন অবস্থায় ইতিমধ্যেই এক শিশু ও এক নারী মারা গেছেন। একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ২৩ জনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
গতকাল শুক্রবার বার্ন ইউনিটের তৃতীয় তলায় কথা হয় শিমুর সঙ্গে। খুবই নিচু স্বরে কথা বলছিলেন তিনি। বললেন, যে কক্ষে আগুন লেগেছিল তিনি সেই কক্ষের দরজায় দাঁড়িয়ে ছিলেন। ভেতরের সবাই ছিল ১৪-১৫ বছরের মেয়ে। হঠাৎ আগুনের হলকায় শিমুর হাত-পা ও মুখমণ্ডল পুড়ে গেছে। তিনি বলেন, ‘নিজের চিন্তা করি না। বাচ্চা মেয়েগুলার জন্য খারাপ লাগে। এরা সবাই এক-দেড় মাস কাজ শুরু করছিল। কাজটা ভালো করে বুঝে নাই, তাই আগুন লাগছে। পুরান লোক হইলে লাগত না।’ শিমুর মা হালিমা বলেন, ‘মেয়ের আয়ে সংসার চলত। এখন কী করে সংসার চলবে জানি না।’
একই অবস্থা মানিকগঞ্জের দৌলতপুরের ফজিলা বেগমের। ফজিলা বলেন, ‘দুই মেয়ে কাজ করে মাস শেষে কিছু টাকা পাঠাত। এই টাকায় ছোট মেয়ে স্কুল পড়ে, আমাদের খাবার জোটে। গত রোববার মেয়েদের দেখতে জিরাবো এসেছিলাম। এখন হাসপাতালে পড়ে আছে।’
মামলার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান প্রথম আলোর সাভার প্রতিবেদককে গতকাল সন্ধ্যায় বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। পুলিশের পক্ষ থেকেও কোনো মামলা হয়নি। পুলিশ মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
তবে গতকাল সকালে কারখানার তিন মালিকের একজন শামীম এলাহীর স্ত্রী বার্ন ইউনিটে এসেছিলেন। তিনি কারখানার দগ্ধ শ্রমিকদের জন্য ফলমূল এনেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম।
বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তাঁরা এখনো শঙ্কামুক্ত নন। দু–এক দিন না গেলে কিছু বলা যাচ্ছে না।