শরীয়তপুর ও গলাচিপায় দুই গৃহবধূ খুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি গ্রামে যৌতুক না পেয়ে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে গতকাল শনিবার শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী আনিছ বেপারি পলাতক।জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাহামুদা বেগম (৪৫) নামের আরেক গৃহবধূকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দশমিনা থানার পুলিশ গলাচিপার রনুয়া গ্রামের কাছে তেঁতুলিয়া নদী থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার রাতে মাহামুদার ছেলে রুবেল গাজী চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।নড়িয়া থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ২০১০ সালে মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামের ইউনুছ সরদারের মেয়ে খাদিজা বেগমের সঙ্গে মাদারীপুর সদরের কোয়ারদি গ্রামের হাসেম বেপারির ছেলে আনিছ বেপারির বিয়ে হয়। বিয়ের সময় আনিছকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের পর আনিছ আরও ৫০ হাজার টাকার দাবিতে খাদিজাকে নির্যাতন করতেন। ইউনুছ সরদার জমি বন্ধক রেখে গত ঈদুল আজহার সময় আনিছকে ২০ হাজার টাকা দেন।খাদিজা বেগম স্বামীকে নিয়ে তাঁর এক আত্মীয়ের মাধ্যমে গত ডিসেম্বর মাসে নড়িয়ার বিঝারি গ্রামের ইসলাম হাওলাদারের বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ নেন। সঙ্গে তাঁদের দুই বছর বয়সী মেয়ে থাকত। ইসলাম হাওলাদারের সন্তানেরা বিদেশে থাকায় তাঁর স্ত্রী কামরুন্নাহার (৭৫) বাড়িতে একা থাকতেন।কামরুন্নাহার বলেন, ‘একসঙ্গে রাতের খাবার খেয়েছি। আমি শোয়ার ঘরে গেলে খাদিজা তার স্বামীকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। আজ (শনিবার) সকাল ছয়টার দিকে খাদিজার মেয়ের কান্নার শব্দ শুনে তাদের থাকার ঘরে যাই। তখন আনিছ ঘরে ছিল না। খাদিজাকে মাটিতে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দিই।’ইউনুছ সরদার বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে আনিছ মারধর করত। প্রায়ই আমি আনিছকে কিছু করে টাকা দিতাম। টাকার জন্য আমার মেয়েকে এভাবে মেরে ফেলবে, বুঝতে পারিনি। আমি মেয়ে হত্যার বিচার চাই।’নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক ও এলাকাবাসী জানান, মাহামুদা বেগমের স্বামী রজ্জব আলী দুই বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর জমিজমা নিয়ে এলাকার কিছু লোক ও মাহামুদা বেগমের সৎ ছেলে জাফর গাজীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে জাফর গাজী কিছুদিন আগে মাহামুদাকে অপহরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ৯ জানুয়ারি মাহামুদা আবারও নিখোঁজ হন। এরপর গত বৃহস্পতিবার তেঁতুলিয়া নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।