শরীয়তপুর ও দামুড়হুদায় ৮৮টি কেন্দ্র দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ভোট কারচুপি, জাল ভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগে শরীয়তপুর সদরে বিএনপি-সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। একই অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপি-সমর্থিত এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেন। আর নেত্রকোনা সদরে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

শরীয়তপুর: সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ ভোট বর্জন করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সদর উপজেলার ৫৮টি ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

মাহবুব মোর্শেদের ভোট বর্জনের ঘোষণার পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, স্বর্ণঘোষ প্রাথমিক বিদ্যালয়, আড়িগাঁও নতুন মাদ্রাসা, বাইশরশি প্রাথমিক বিদ্যালয়, বড়াইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড় নেই।

মাহবুব মোর্শেদ বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্র দখলে নিয়ে যাওয়ায় সকাল ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিই।’

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদার বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। তাঁর অভিযোগ ঠিক নয়।

রিটার্নিং কর্মকর্তা আসিব আহসান বলেন, সবগুলো কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজাদুল ইসলাম আজাদের পক্ষে কেন্দ্র দখল ও জাল ভোট প্রদান এবং তাঁর (ফজলুর রহমানের) পোলিং এজেন্ট এবং ভোটারদের মারধর করার ঘটনায় তিনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

অভিন্ন অভিযোগ এনে বিএনপির বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী শাহও পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন। লিয়াকত আলী শাহ বেলা দুইটায় এবং ফজলুর রহমান বেলা তিনটায় নিজ নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজাদুল ইসলাম ওই দুই প্রার্থীর বক্তব্যকে গতানুগতিক বলে দাবি করেছেন।

জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের ক্যাডাররা ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি দখল এবং ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মারধর ও জিম্মি করে ব্যালটে সিল মেরে বাক্সে ফেলেছে।

লিয়াকত আলী শাহ অভিন্ন অভিযোগ এনে বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তাৎক্ষণিক অভিযোগ জানালেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ফরিদুর রহমান জানান, যেসব কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পাঠানো হয়েছে।

নেত্রকোনা: সদর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি এবং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক।

গতকাল শনিবার দুপুরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বেলা তিনটায় তিনি তাঁর সাতপাইয়ের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘কাইলাটি, কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নসহ ১০-১২টি কেন্দ্রে সরকারি দল-সমর্থিত প্রার্থী এস এম কামরুল হাসানের লোকজন জাল ভোট প্রদান করে।