শরীয়তপুর ও মাগুরায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের কালকিনি উপজেলায় শাশুড়ি ও ননদের নির্যাতনে গত শনিবার রাতে জাহেদা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন মাগুরার শালিখা উপজেলায় পাটখেত থেকে পপি খাতুন (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালকিনি থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, গোসাইরহাট উপজেলার ছোট কাচনা গ্রামের মোহাম্মদ আলী আকনের মেয়ে জাহেদা বেগমের সঙ্গে কালকিনি উপজেলার আওলিয়ারচর গ্রামের রুবেল বেপারীর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর রুবেল মালয়েশিয়া চলে যান। রুবেল মালয়েশিয়ায় ব্যবসার জন্য স্ত্রীর মাধ্যমে শ্বশুরের কাছে টাকা চান। জাহেদা টাকা দিতে অপারগতা জানালে শাশুড়ি বেশরী বেগম ও ননদ মুন্নী আক্তার তাঁকে নির্যাতন শুরু করেন। গত শুক্রবার নতুন পোশাক পরা নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে জাহেদার কথা-কাটাকাটি হয়। তাঁরা জাহেদাকে মারধর করলে তিনি বাবার বাড়ি চলে আসেন। শনিবার সকালে বেশরী বেগম জাহেদাকে বুঝিয়ে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। বাড়ি নিয়ে ঘরে আটকে রেখে জাহেদাকে ব্যাপক মারধর করা হয়। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে কালকিনি থানার খাসেরহাট ক্যাম্পের পুলিশ জাহেদার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে শাশুড়ি ও ননদ পলাতক।
জাহেদার বাবা মোহাম্মদ আলী আকন বলেন, শাশুড়ি ও ননদ মিলে তাঁর মেয়েকে প্রায়ই মারধর করতেন। রুবেলকে টাকা না দিতে পারায় মেয়ের ওপর নির্যাতন আরও বেড়ে যায়। কিন্তু তাঁরা এভাবে তাঁর মেয়েকে পিটিয়ে মেরে ফেলবেন তা তিনি বুঝতে পারেননি।
শালিখা থানার পুলিশ ও গৃহবধূর পরিবারের লোকজন জানান, দুই বছর আগে সাবেকখাটর গ্রামের রেজাউল লস্করের ছেলে আকাশ লস্করের (২৭) সঙ্গে পাশের দরিখাটর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে পপির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী তাঁকে নির্যাতন শুরু করেন। নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে পপি বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার রাতে পপিকে নিতে আকাশ শ্বশুরবাড়ি আসেন। রাতেই আকাশ পপিকে নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা হন। পরদিন শনিবার সকালে দরিখাটর গ্রামে পাটখেত থেকে পপির লাশ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পপির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিল্লাল হোসেন এ ঘটনায় আকাশকে আসামি করে থানায় মামলা করেছেন।