শরীয়তপুর-চাঁদপুর সড়কে সেতু ভেঙে ট্রাক নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-চাঁদপুর সড়কের একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম থেকে মোংলাগামী পণ্যবাহী ট্রাকটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার বেইলি সেতুতে উঠলে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়।
এ সড়কটি দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এই সড়কের শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট থেকে ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার পর্যন্ত এলাকার সাতটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। সেতুগুলো দিয়ে পাঁচ টনের অধিক ভারী যানবাহন না চালানোর নির্দেশনা দিয়ে সাইনবোর্ড লাগিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
বালার বাজারের ব্যবসায়ী হরলাল মৈশাল বলেন, রাত নয়টার দিকে বিকট শব্দ করে একটি ট্রাক সেতু ভেঙে নদীতে পড়ে। চালক ও সহকারীকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেছেন। সেতুর মাঝের অংশের পাটাতন ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘ট্রাকটি উদ্ধার করার জন্য আমাদের কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। সেতুর পাটাতন মেরামত করে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।’