শরীয়তপুর জেলা কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দী রাখা হয়েছে। অতিরিক্ত বন্দী থাকায় কারাগারে খাওয়ার ও ব্যবহারের পানির সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে গাদাগাদি করে থাকার কারণে বন্দীরা অসুস্থ হয়ে পড়ছেন।জেলা কারাগারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই কারাগারে ১০০ জন বন্দীর ধারণক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে এখানে ৩০০ বন্দী থাকছেন। বন্দীদের রাখার জন্য কারাগারের ভেতরে একতলা চারটি ভবন আছে। প্রতিটি ভবনের পাঁচটি কক্ষ ও একটি সেলের মধ্যে বন্দীদের রাখা হয়। ১৯৮৫ সালে নির্মাণ করা এসব ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। গণপূর্ত বিভাগ ২০০৫ সালে তিনতলা একটি ভবন নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠায়। কিন্তু প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি।জেলা কারাগারের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, বন্দীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য এখানে একজন সহকারী সার্জন, একজন ফার্মাসিস্ট ও একজন ডিপ্লোমা নার্সের পদ আছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য আছে। তাই বন্দীরা অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জনের দায়িত্বে থাকা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে গিয়ে চিকিৎসাসেবা দেন।আটক বন্দীদের স্বজনেরা জানান, কারাগারের ভেতরে একজনের জায়গায় তিনজনকে কষ্ট করে থাকতে হচ্ছে। প্রচণ্ড গরমে বন্দীরা জ্বর, কাশি, অ্যালার্জি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সুস্থ হওয়ার জন্য যে চিকিৎসাসেবা প্রয়োজন তা বন্দীরা পান না।গণপূর্ত বিভাগের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, অনেক আগে জেলা কারাগারে ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু প্রস্তাবটি অনুমোদন না হওয়ায় কারাগারে নতুন ভবন নির্মাণ করা যায়নি। জেলা কারাগারের সহকারী সার্জনের দায়িত্বে থাকা মুনীর আহমদ খান বলেন, ‘কারাগারে কোনো বন্দী অসুস্থ হলে আমাকে খবর দেওয়া হয়। কারাগারে গিয়ে বন্দীদের সেবা দিয়ে থাকি। এখন বন্দীর সংখ্যা বেশি থাকায় সমস্যা বেশি হচ্ছে।’জেলা কারাগারের জেলার মোহাম্মদ এনায়েত উল্যা বলেন, ‘ধারণক্ষমতার তিন গুণ বন্দী থাকায় কারা বিধান অনুযায়ী তাঁদের সুযোগ-সুবিধা দিতে পারছি না। বন্দীদের দুর্ভোগের কথা নিয়মিত কারা অধিদপ্তরে জানানো হয়।’