শরীয়তপুর জেলা যুবদলের কমিটি ঢাকা থেকে ঘোষণা
শরীয়তপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ভেঙে ঢাকা থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ প্রতিবাদে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ জেলা শহরে বিক্ষোভ করেছে৷ বিক্ষোভকারীরা জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের (কিরণ) কুশপুত্তলিকা দাহ করেন৷ তাঁরা নতুন কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দািব জানান৷
স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালের ১০ জুলাই আবদুল জব্বার খানকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার ওই কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে৷
আবদুল জব্বার খান বলেন, অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণা করা হয়েছে৷ জেলা বিএনপির সভাপতির পরামর্শে তাঁর ঢাকার কার্যালয়ে বসে এ কাজটি করা হয়েছে৷ এ ক্ষেত্রে তৃণমূলের কোনো মতামত নেওয়া হয়নি৷
জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন ওরফে বিদ্যুৎ বলেন, তূণমূলকে উপেক্ষা করে রাজনীতি করলে তার ফল ভালো হয় না৷ তৃণমূলের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের কমিটি গঠন করতে হবে৷
শফিকুর রহমান বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটি তাদের প্রক্রিয়া অনুযায়ী জেলা কমিটি ঘোষণা করেছে৷ এ ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।