শরীয়তপুর থেকে উদ্ধার হলো শিশু জিহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানরখেলা দেখানোর কথা বলে অপহরণ করা হয় কামরাঙ্গীরচরের ছয় বছরের শিশু জিহাদকে। এরপর তার বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছেন জিহাদের বাবার দর্জির দোকানের কারিগর রাজিব মাতব্বর।অপহরণের তিন দিন পর গত শনিবার সন্ধ্যায় রাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার রায়েরকান্দি থেকে তাঁকে গ্রেপ্তার ও জিহাদকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, অপহরণের পর শিশুটির বাবা-মাকে পাঁচ লাখ টাকা নিয়ে কখনো কাঁচপুর সেতু, কখনো গুলিস্তান পাতাল মার্কেট, মাওয়া ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে যেতে বলা হয়। টাকা না দিলে শিশুটিকে জবাই করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শেষে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল জাজিরা থেকে শিশুটিকে উদ্ধার করে।সংবাদ সম্মেলনে জিহাদের বাবা মো. কাওসার বলেন, রাজিব চলতি মাসেই নীরব হোসেন ওরফে রবিন (২৩) পরিচয়ে তাঁর দর্জির দোকানে কাজ নিয়েছিলেন। গত বুধবার বেলা তিনটা থেকে তাঁর ছেলে জিহাদ নিখোঁজ হয়। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।অপহরণের শিকার জিহাদ সাংবাদিকদের বলে, ‘আমাকে বানরের খেলা দেখানোর কথা বলে রবিন রিকশায় কিছুদূর নিয়ে যায়। তারপর একটি মাইক্রোবাসে ওঠায়। অনেক জায়গায় ঘোরানোর পর রাতে কালো টেপ দিয়ে আমার মুখ বেঁধে ফেলে।’পুলিশের হিসাবে ২০১২ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে ৭৬৮টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে শিশু। একটি আলোচিত ঘটনায় গত ১১ নভেম্বর রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে মাকে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করা হয়। পরে তাকে উদ্ধার করা হয়।