নারায়ণগঞ্জে দুই শিশুসহ পাঁচজন খুন হওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নাজমা বেগমকে গতকাল মঙ্গলবার ভোরে শরীয়তপুর জেলার ডামুড্ডা সেদেলকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নাজমা বেগম ও নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগনে মাহফুজসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে নাজমা বেগমকে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল খায়ের। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার চার দিন পরও গতকাল মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে আরও কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, বাদী এজাহারে যে তিনটি বিষয়কে খুনের কারণ উল্লেখ করেছেন, সেগুলোকে আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। বাদীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তাঁর ভাগনে মাহফুজ ও সর্বশেষ নাজমা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, গ্রেপ্তারকৃত নাজমা নিহত তাসলিমার কাছে টাকা পেতেন বলে স্বীকার করেছেন। পাওনা টাকার জন্য তিনি গত ১৫ জানুয়ারি তাসলিমার বাড়িতেও গিয়েছিলেন। বাদী তাঁর এজাহারে নাজমাকে অভিযুক্ত করেছেন এবং খুনের ঘটনাটিও প্রায়ই কাছাকাছি সময়ে জানুয়ারির ১৫ বা ১৬ তারিখের মধ্যে ঘটেছে। এ ছাড়া হত্যার নেপথ্যে অনেকগুলো কারণের মধ্যে এটিও থাকতে পারে। তাই নাজমাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় ফ্ল্যাটবাড়ি থেকে দরজার তালা ভেঙে দুই শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, তাদের শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত তাসলিমার ভাগনে মাহফুজ ও মোরশেদের খালাতো ভাইকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় আটজনকে। পরে গত সোমবার আসামি মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।