শরীয়তপুর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত শনিবার দলের একটি পক্ষ ওই কর্মসূচি পালন করে।দলীয় সূত্রে জানা গেছে, ৮ জুলাই সফিকুর রহমানকে সভাপতি, নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মহিতুল গনিকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্যের শরীয়তপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম। এ ঘোষণার পর থেকেই জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফের সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে জামাল শরীফের সমর্থকেরা ওই কমিটি বাতিল করে তৃণমুল নেতা-কর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।পালং বাজার সিনেমা হলের সামনে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক দুলাল খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন বাদল প্রমুখ। সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।