শরীয়তপুর-মাদারীপুর-চাঁদপুর সড়কের তিনটি সেতুই ঝুঁকিপূর্ণ
শরীয়তপুর-মাদারীপুর-চাঁদপুর সড়কের শরীয়তপুর অংশের তিনটি সেতুই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দুটি সেতুতে মেরামতের কাজ চলছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-মাদারীপুর-চাঁদপুর সড়কের শরীয়তপুর অংশের কীর্তিনাশা নদীর ওপর আংগারিয়া, টোমচর ও খোয়াজপুর টেকেরহাট এলাকায় তিনটি বেইলি সেতু রয়েছে। প্রথমটি ১৯৮৭ সালে দুই কোটি টাকা ব্যয়ে এবং পরের দুটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। অতিরিক্ত বোঝাই ট্রাক ও ভারী যানবাহন পারাপার হওয়ায় ২০০২ সালে মাদারীপুরের খোয়াজপুরের সেতুটি ভেঙে যায়। ২০০৫ সালে সওজ সেতু তিনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইন বোর্ড ঝুলিয়ে দেয়।সওজ সূত্রে আরও জানা গেছে, গত সপ্তাহে আংগারিয়া ও খোয়াজপুর এলাকার সেতু দুটির লোহার পাটাতন স্থানচ্যুত হয়ে যায়। এ কারণে সওজ ২০ জুন থেকে সংস্কারকাজ করছে। সাময়িক মেরামতের জন্য দুটি সেতুতে ১০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, এ সড়কটিতে অনেক গাড়ির চাপ। বেশি যানবাহন চলাচল করায় ওই সড়কের তিনটি সেতুর অবকাঠামো দুর্বল হয়ে গেছে। বর্তমানে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেতু বন্ধ করে দিয়ে মেরামতের কাজ চলছে। দুটি সেতু মেরামত করার জন্য সাত দিন সময় লাগবে। সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, ‘এ সেতু তিনটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে আরসিসি সেতু নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। ৫৮ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আমাদের প্রধান প্রকৌশলীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগমন্ত্রীর কথা হয়েছে। তিনি অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছেন।’