শরীয়তপুর-মাদারীপুর সড়কে দুই ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে নামার সময় চালকের সহকারীর ধাক্কায় শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। কলেজে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রীরা কলেজের সামনে রাস্তায় অবস্থান নেন এবং যানবাহন চলাচল বন্ধ করে দেন। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পার্শ্ববর্তী শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাও শরীয়তপুর-মাদারীপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।শিক্ষার্থীরা জানান, মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তমা সকাল সাড়ে নয়টায় বাসে করে কলেজের সামনে পৌঁছালে চালক বাসটি পুরোপুরি না থামিয়ে তাঁকে নেমে যেতে বলেন। তমা গাড়ি থামাতে বললে চালকের সহকারী তাঁকে ধাক্কা দেয়। এতে তমা নিচে পড়ে গিয়ে আহত হন। পরে আহত তমাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবর মহিলা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রীরা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামেন এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ ঘটনার প্রতিবাদে পার্শ্ববর্তী শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় শরীয়তপুর-মাদারীপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘ছাত্রী আহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। আমি খোঁজ নিয়ে অভিযুক্ত বাস শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান বলেন, ‘বাস শ্রমিক নেতাদের ডেকে দোষী ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দিয়েছি।’