শরীয়তপুর-রাজবাড়ীতে কয়েক হাজার পরিবার পানিবন্দী
বন্যায় শরীয়তপুরের ৮০টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ৪০০টি পরিবার পানিবন্দী রয়েছে। এসব গ্রামের তিন হাজার বিঘা জমির সবজি ও রবিশস্য পানিতে তলিয়ে গেছে। ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যায় জেলায় ৬৮০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে।শরীয়তপুর: জেলার ৮০টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্লাবিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। পদ্মার পানি সুরেশ্বর ও মাওয়া পয়েন্টে বিপত্সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও গোসাইরহাট উপজেলার ৮০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার গ্রামগুলোতে পানি ঢোকা শুরু হয়।জাজিরার পাইনপাড়া গ্রামের কাশেম মৃধা (৬০) বলেন, ‘আট দিন ধরে আমরা পানিবন্দী অবস্থায় আছি। অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।’শরীয়তপুরের জেলা প্রশাসক সানোয়ার হোসেন বলেন, আতঙ্কিত হওয়ার মতো বন্যা এখনো দেখা দেয়নি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দুর্গত এলাকাগুলোর খোঁজখবর রাখার কথা বলা হয়েছে।রাজবাড়ী: সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রানীগ্রাম, কান্তনগর, সন্তোষপুর, চরশিবরামপুর, চরহাটবাড়িয়া, বেলনুরুদ্দিনপুর গ্রামের ঘরবাড়ি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী মানুষ নৌকা ও ভেলায় করে রাস্তার আসছে। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান তকদির জানান, ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গেল। ফরিদপুর: বন্যার পানিতে তলিয়ে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ৪৩২ হেক্টর জমির বোনা আমন, এক হেক্টরের রোপা আমন, ১৪৮ হেক্টরের সবজি, ৫০ হেক্টরের কাঁচা মরিচ, ১৫ হেক্টরের মুগ ডাল ও ৩৪ হেক্টর জমির মাষকলাই নষ্ট হয়েছে। বন্যার পানি ওঠায় চরভদ্রাসন উপজেলায় আটটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার আলিয়াবাদ প্রাথমিক বিদ্যালয় ও কদমতলা প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানির তোড়ে শালেপুর মধ্য মৌজার প্রায় আট কিলোমিটার কাঁচা রাস্তা নষ্ট হয়েছে। চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ঈমান খাঁর ডাঙ্গী, সাদার বিশ্বাসের ডাঙ্গী ও গোলাপখার ডাঙ্গীর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সদরপুর উপজেলার দিয়ারা নাড়কেল বাড়িয়া, চরমানাই, ঢেউখালী ও চর নাসিরপুরে নদীভাঙন অব্যাহত রয়েছে। দিয়ারা নাড়কেলবাড়িয়া ইউনিয়নে ভাঙনে ভিটেমাটি হারিয়ে ৯০টি পরিবার গুচ্ছগ্রাম এবং রাস্তায় আশ্রয় নিয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন বলেন, পানি কমতে শুরু করলে ভাঙনের মাত্রা আরও বেড়ে যাবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যের সতর্ক থাকতে বলা হয়েছে।