শরীয়তপুর শহরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর শহরের একটি বাজারে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে জাকির হোসেনকে (৩০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে শহরের পালং উত্তর বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তৈরি পোশাকের ছয়টি, ক্রোকারিজ সামগ্রীর চারটি, স্বর্ণালংকারের একটি, ইলেকট্রিক সামগ্রীর দুটি ও স্টেশনারি সামগ্রীর দুটি দোকান পুড়ে যায়। এ সময় বাজার এলাকার আরও ১২টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণ পর শরীয়তপুর, ডামুড্যা ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা ও স্থানীয় লোকজন দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক (ডিসি) মো. সানোয়ার হোসেন বলেন, ‘সরকারিভাবে কোনো সহায়তা করা যায় কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’