জাতীয় সংসদের শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ১৫ মার্চ। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, খসড়া তফসিলে এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, বাছাই ১৯ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি রাখা হয়েছে।এম সাখাওয়াত বলেন, শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৫ মার্চ ভোট গ্রহণের দিন রাখা হয়েছে। এত দিন যেসব সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন, তাঁদের তা বন্ধ করতে হবে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই তাঁরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। এর ব্যত্যয় হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আওয়ামী লীগের প্রবীণ সাংসদ আবদুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসন শূন্য হয়। তিনি গত ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মারা যান।