শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নাহিম রাজ্জাক বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে, দুপুর সাড়ে ১২টায় ডামুড্যা উপজেলা নির্বাচন কার্যালয়ে ও বিকেল তিনটার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। মহিতুল গনি দুপুর সাড়ে ১২টায় গোসাইরহাট উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।নাহিম রাজ্জাকের তিন উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান বলেন, শরীয়তপুর-৩ আসনটি ওই তিন উপজেলায় পড়ায় এতে আইনগত কোনো বাধা নেই।জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৫ মার্চ এ আসনে নির্বাচন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নাহিম রাজ্জাকের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের প্রশাসক মজিবুর রহমান মাস্টার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা প্রমুখ।মহিতুল গনির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির সহসভাপতি নান্টু খান, গোসাইরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক ঢালী, উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।মহিতুল গনি বলেন, ‘স্থানীয় নেতা-কর্মীদের অনুরোধে মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয়ভাবে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার দলীয় সমর্থন থাকবে।’নাহিম রাজ্জাক বলেন, ‘দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি।’