শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্দনী গ্রামের অপহূত স্কুলছাত্র কাওসার সরদারকে (১৬) পুলিশ উদ্ধার করেছে। শনিবার ভোরে নড়িয়া থানা-পুলিশ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে। অপহরণকারী এ চক্রটি গ্রিসপ্রবাসী গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার তিলছড়া গ্রামের ফারুক মিয়াকে (৪৫) অপহরণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ২৩ মার্চ চান্দনী গ্রামের দুবাইপ্রবাসী টিপু সরদারের ছেলে কাওসারকে মুঠোফোনে ডেকে নেন তার খালাতো ভাই আলমগীর মাদবর (২২)। এরপর তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা কাওসারের মা মিরু বেগমের মুঠোফোনে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৮ মার্চ কাওসারের খালা সিরিন বেগম, খালু মিলন মাদবর ও খালাতো ভাই আলমগীর মাদবরকে গ্রেপ্তার করে। নড়িয়া থানা-পুলিশ আলমগীর মাদবরের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে মাদারগঞ্জের জাঙ্গালিয়া গ্রাম থেকে কাওসারকে উদ্ধার করে। কাওসার এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অপহরণকারী আলমগীরের বরাত দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বলেন, আলমগীরের বড় ভাই খলিল মাদবর গ্রিসপ্রবাসী। সম্প্রতি তিনি ও তাঁর বন্ধু রফিক এবং আনোয়ার বাংলাদেশে আসেন। তাঁরা কাওসারকে অপহরণের পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২৩ মার্চ বিকেলে আলমগীর মাদবরের মাধ্যমে কাওসারকে মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার তিলছড়া গ্রামের ফারুক মিয়া গ্রিসের রাজধানী এথেন্সে কাজ করতেন। গত ২৫ ফেব্রুয়ারি তাঁকে অপহরণ করেন আলমগীরের ভাই খলিল মাদবর, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের রফিক মিয়া ও মেলান্দহ উপজেলার কাপাসাটিয়া গ্রামের জামাল উদ্দিন। ফারুক সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তাঁর স্ত্রীকে তিন লাখ টাকা পাঠাতে বলেন। ফারুকের ভাই নাছির উদ্দিন আহমেদ ১ মার্চ দুই লাখ ৬০ হাজার টাকা দেন। টাকা দেওয়ার পর থেকে ফারুকের সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেনি। পরবর্তী সময়ে গ্রিসের পুলিশ জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ফাতরা নামক স্থানের একটি আঙ্গুরবাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ফারুকের মৃতদেহ পুলিশ ১১ মার্চ উদ্ধার করে। ফারুক মিয়ার ভাই নাছির উদ্দিন আহমেঞ্চদ বলেন, খলিল, রফিক ও জামাল আমার ভাইকে অপহরণ করার পর হত্যা করে তুরস্ক হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। গতকাল রোববার শরীয়তপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে কাওসারকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বলেন, ‘কাওসারকে অপহরণকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’