শরীয়তপুরে অপহূত শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের অপহূত শিক্ষার্থী কাওছার সরদারকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কাওছারকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের দাবিতে এলাকার মানুষ গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কে মানববন্ধন করেছেন।নড়িয়া থানা ও এলাকাবাসী জানান, চান্দনী গ্রামের শিক্ষার্থী কাওছার সরদারকে গত শনিবার বিকেলে অপহরণ করা হয়। এরপর তার মা মিরু বেগমের মুঠোফোনে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘দুই ছাত্রকে অপহরণ, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী বেইলি সেতুর কাছে আধা কিলোমিটার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘এই অপহরণের ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। ছেলেটিকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।’